গঙ্গা পাড়ের কথা
:১:
হাওড়া স্টেশনের পূর্ব পাড়ে হুগলী নদী। হুগলী নদীর সেকালের বাঁধটা আজকের ফরসো রোড। আগে এই বাঁধের পাশ দিয়ে সারি সারি গুদামঘর ছিল। আর ছিলো জুট মিল। এখানে নানান জাতির মানুষের ভীড়। উড়িয়া, বিহারী, তামিল, তেলেগু, নেপালি সব আছে এখানে। এ হিসেবে বাঙালি কম। জুটমিল ছাড়াও কিছু সুগার মিল ছিলো। সেগুলো বাংলা বিভাগের পর একে একে উঠে গেছে। এই হুগলী নদীতে বজরা লাগতো। গুদামঘর গুলো ভরে যেত কাঁচা মালে। সেগুলোই ছিল উৎপাদনের কাঁচা সামগ্রী। কোলকাতা আর হাওড়া সংযুক্ত হল নতুন ব্রীজ দিয়ে। পরিবহনের সুবিধা বাড়ল। কিন্তু নদী তার জীবন হারালো। মজে গেলো নদী। কোলকাতা পোর্ট হয়ে পড়লো বন্ধ্যা। প্রথমে জাহাজ আসা, পরে বজরা আসাও বন্ধ হলো। সমস্ত নদীর পাড় ক্রমশঃ হারিয়ে ফেললো জ্যান্ত অবস্থা। তবু তার মৃত হওয়া হলো না। তৈরী হল দ্বিতীয় হুগলী সেতু। দুই সেতুর চাপে বাণিজ্য নগরী হয়ে উঠলো মানুষের বাসস্থান। নামেরও হিড়িক দেখে কে! শ্রীরাম বদলে নাম হলো বিবেক বিহার, দর্পনারায়ণ, গঙ্গাকুঞ্জ, গোমতি আরও কত যুযুধান নাম। শ্রমিক কাজ হারালো আর অর্থবানরা গঙ্গার মুক্ত বাতাস পেয়ে ধেয়ে এলো হুগলী নদীর পাড়ে।
:২:
আজ আরো আধুনিক হয়েছে এই পূর্বপাড়। আউট্রামঘাট থেকে হাওড়া স্টেশন আসার জন্য তৈরী হয়েছে লঞ্চঘাট। নদীতে লঞ্চ চলে। বাংলা গানের নাম করা এক লিরিকিস্ট পুলক বাবু এই লঞ্চ থেকেই গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। মৃতদেহ পাওয়া গেছিলো। মান্না দে সারা জীবন তাঁর লেখা অজস্র গান গেয়েছেন। তাঁর এভাবে মৃত্যুর কারণ খুঁজে পাননি। এখন আবার ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো পাড়ে তৈরী হয়েছে অ্যাপ ক্যাব স্ট্যান্ড। মানুষ ট্রেন থেকে নেমেই বাড়িতে পৌঁছে যায়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে হুগলীর পাড়। এখন এক নতুন জিনিস এসেছে হুগলীর পাড়ে। এখানে আসে গ্রামান্তরের অনেক বেকার ছেলেদের দল। তারা কেউ শাড়ি, কেউ চুড়িদার, অনেকে আবার কুর্তা পরে। ওরা সারাদিন শহর জুড়ে ঘুরে বেড়ায়। ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি সবখানে ওদের হাঁটাচলা। হাততালি দেয় বিন্দাস। ওরা রূপ বদল করে। ওরা রোজগার করে রূপ বদলে।
সেদিন হাওড়া স্টেশন চত্বরে হিজড়েদের মারামারি দেখে বমকে গিয়েছিলাম। তাই আজ এত সব লেখা। হুগলী নদী নির্বিকার।
:৩:
সেই পূর্বপাড়ের কথাই লিখবো। হুগলী নদীর পূর্বদিকে ফোর্ট উইলিয়াম দূর্গ। বানিয়েছেন নেকড়ের দল। বাংলার শেষ স্বাধীন নবাব তখন আজকের ভাষায় জুভেনাইল। প্রতিবাদ তিনিই করেছিলেন। তার নাচঘর, সাঝঘর সবকিছু এখানেই। নবাব বলে কথা। বার্ধক্যে নয় যৌবনে এসব মেনে নেওয়া যায়? হ্যাঁ যায়। কারণ সে তখনো বুঝে উঠতে পারেনি; তার দাদু তাকে কোন কারাগারে রেখে গেছেন। আলীবর্দী খাঁ এক দুর্লভ চরিত্র। একজন দেশপ্রেমিক। তার পৌত্র সিরাজ।
থাক এসব কথা। আরও একটু পূর্বে অবিভক্ত বাংলার ফুটবল ক্লাব। মোহনবাগান। হারিয়ে দিয়ে জয়ের মুকুট পরিয়েছিল এই ভারতবর্ষকে। কেউ ভাবুক না ভাবুক এটা বাংলার গৌরব গাঁথা। সেই খালি পায়ে বাঙালি আর বুট পরে ইংরেজ দল। কে মনে রাখে এসব? কালে কালে দু'টুকরো হওয়া বাংলায় জন্ম হলো ইষ্টবেঙ্গলের। দ্বিজাতি তত্ত্বে মহামেডানও তৈরী হলো। যুদ্ধ করা নেকড়েরা সুপরিকল্পিত ভাবেই এই তত্ত্ব বাংলাতেও রেখে গেলো।
যারা মানুষের মুন্ডু কেটে ফুটবল খেলার জন্ম দিয়েছিলো তারাতো এসব করবেই। বাংলা এভাবে ভাবেনা। ইতিহাস তার অতীত আর শিক্ষা তার অন্তরে। ভারত আজও এই পথেই চলে। পৃথিবীর একমাত্র সেক্যুলার আজও তারাই।
:৪:
অন্তর খুব বৃহৎ। এটা অংকের ভাষায় বিয়োগান্ত হতে পারে তবে লেখক-কবির কথায় যোগাত্বক। বিরাট তার পরিসর। যা কিছু মনে আসে রাখা যায় সেখানে। ইতিহাস রচনার একমাত্র হার্ডডিস্ক এটা।
:৫:
আরো একটু পূবের দিকে এলাম। সে আকাশের দিকে তাকিয়ে আছে। সে বিজয়ী। সে জয়স্তম্ভ। জয় কিসের? আমাদের যেখানে পরাজয় সেখানেই তার জয়। এটা তারই প্রতিলিপি। আগের নাম মনুমেন্ট। আমি এর মাথায় চড়েছি । তখন ছাত্র ছিলাম। গোটা কোলকাতা দেখা যেতো। মাথা তুলে তখন কোনো অট্টালিকা ওঠেনি এই কোলকাতায়। সত্যিই সে এক স্তম্ভ । এরপর তার নতুন নাম হয়েছে। রূপ? না ওটা একই আছে। জয়স্তম্ভ ভাঙবে কে? নাম বদলেছেন নতুন প্রশাসক। মাথায় লাল রং দিয়ে মনুমেন্ট হলো শহীদ মিনার। শহীদেরা তো এসব দেখেনি। আমরা ছাত্র জীবনে এইসব উৎকট ব্যাপার দেখেছি। সে সব আজও চলছে। তাই মুঘলসরাই আর নেই। নাম হয়েছে অন্য কিছু। কি যেন এক দীনদয়ালের নামে।
:৬:
পূর্বে হেঁটে চলেছি। সত্যিই পূর্বে বা অতীতে। মনুমেন্টের পূর্বে জমেছিলো মাটির পাহাড়। ভারতের প্রথম মেট্রো রেলের কাজ চলছিল। সেই পাহড়ের চূড়োয় নানান গাছ গ্রীবা তুলে তখন সূর্য দেখতো। উদয় আর অস্ত কোলকাতার এই মাটির পাহাড়ে চড়ে দেখার সুযোগ হয়েছিলো। সেদিনের দুপুর আমি আর কঙ্কন কখনো ভুলতে পারবো না। পার্কস্ট্রীট ফিরিংগি পারার বিপরীতে ছিলো এই পাহাড়। অনেক কাল এভাবেই ছিলো। তখন কোলকাতা বইমেলা হতো রবীন্দ্রসদনের ওপারে। যেখানে এখন মোহরকুঞ্জ। রবীন্দ্রসদন আর ময়দান স্টেশনের উত্তোলিত মাটি রাখা হতো ওই জায়গায়। ব্যাঘাত ঘটালো মেঘ। আচমকা সন্ধ্যা নেমে এলো। ঝর উঠলো। কঙ্কন সেদিন নির্বাক থাকলে আমরা দুজনেই মাটির নিচে কবরস্ত হতাম। ওর সন্ধানী চোখ আমাকে টেনে নিয়ে গেল রাস্তায়। সূর্যাস্ত দেখা হয়নি। বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলায় ট্রামে চড়লাম। পৌঁছে গেলাম বেহালা ট্রাম ডিপো।
শুনেছি এই মাটিতেই লবন হ্রদ বা কথ্য ভাষায় সল্টলেক ভরাট করা হয়েছিল। আজ এসব কে জানে?
:৭:
আবার সেই পূর্ব। কথিত আছে যখন ফোর্টউইলিয়াম দূর্গ তৈরী হয় তখনও বিপুল মাটির পাহাড় জমেছিলো ঠিক এসপ্লানেড স্টেশন যেখানে ঠিক সেখানেই। আদীগঙ্গা যেটা এখন কালীঘাট শ্মশানের পাস দিয়ে নর্দমার মতন বয়ে চলেছে সেটা কালীগঙ্গা ছিল। সেখানেও বজরা ভিড়তো। গুদামঘর গুলো আজও রয়ে গেছে জেলে বাজারের পাশে। এই মাটির স্তুপ দিয়ে গঙ্গার পথ বদলানো হয়। আজ যে হুগলী নদী দেখি এটা এক কৃত্রিম ভাবে পথ বদলানো নদী। অধর্ম ঢাকতেই নাম হয়েছে ধর্মতলা। নিমতলা, কেওড়াতলার সাথে ছন্দ মিলিয়ে নাম দেওয়া।
:৮:
কঙ্কনের দিদি কিঙ্কিনি। ও ভালোবাসে পূর্বায়নকে। এখানেও সেই পূর্ব। অনেক পরে বুঝেছিলাম আমার পূর্ব ওর পূর্বায়ন। জনাকতক মানুষের মধ্যে আমি নেই। আমি আছি আমার মতন। লিখতে ভালো লাগে তাই লিখি। আগে অঙ্ক কষতাম মনদিয়ে। ক্যেওস খুব মন কেড়েছিলো। উদাহরণ দিতাম ক্যেওস বোঝাবার জন্যে।
বলতাম, ধরো কোনো একটা দোকান মাল পত্রে বোঝাই। কিভাবে বোঝাবে দোকানদার?
দোকানে ঢোকার মুখে একটা পুতুল উপর থেকে নিচে পরলো অথবা ফ্রিজ বন্ধ রেখে চকলেট গুলো স্বেচ্ছায় গলিয়েছেন দোকানদার। শুধুমাত্র দেখানোর জন্যে। বোঝাতে চেয়েছেন সব চকলেট এ দোকানে আছে। যে কোনো চকলেট পাবে এই দোকানে। এটা একটা ম্যাথেমেটিক্যাল প্রকল্প। নামে ক্যেওস। সারবত্তা হলো সাধারণের কাছে নিজেকে অনন্য করে তোলা।
কিঙ্কিনি এটা বুঝেই মনে হয় কিছু ভেবেছিল। আমি ভাবিনি।
:৯:
আগেও একবার হুগলীর পূর্ব পাড়ে সুতানটিতে এসেছি। এসে ছিলাম বাগবাজার মায়ের বাড়ি। মা মানে মা সারদা। গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখতে। শরৎকালের দুগ্গা ঠাকুর। রাখাল পালের স্টুডিওর সামনে এসে দাঁড়িয়ে পরলাম। দুজন পাহারা দিচ্ছেন। তারা নির্বাক। ভয়ে ভয়ে ঢুকে পরলাম। ওরা কিছুই বললোনা। এরা মূর্তিমান রাখাল পালের মা-বাবা। তারা চলে গেছেন অনেক কাল আগে। ছেলে তাদেরকে যেতে দেয়নি। তার শিল্পে তারা আজও যেনো বেঁচে আছেন।
সুতানুটি খুব সুন্দর। ওখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। নাম জোড়াসাঁকো। বাবা ব্যবসা করতেন, তবে সফল নন। তাঁর জাহাজ ছিলো। জাহাজ ভাসতো হুগলীতে। সে ডুবে গেছে। কারণ জানা নেই।
এর পাশেই আবার নরেনের ঘর। বিচ্ছু নরেন। পরে তিনি স্বামীজী। তাও কিনা ঠাকুরের দয়ায়। ঠাকুর মানে পাগলা ঠাকুর। সে মাকালীকে নিজের হাতে খাওয়াতো। রাণী রাগ করতেন। তাই সে পাগলা ঠাকুর। তার বুজরুকি ভাঙতে নরেন গেছিলো। ছিলো আরো একজন। সেও সুতানুটির। সবাই মাতাল বললে এক ডাকে তাকে চেনে। কথিত আছে নরেন গাঁজা খেতো স্কুল বয়সে। দুই নেশারু দেখতে গেছিলো ঠাকুর কি খায়। দেখা হয়নি। দেখতে গিয়ে শেখা হয়েছে বিস্তর। বলা হয়নি কিছুই।
:১০:
এ যেন পূর্ব পাড় ধরে হেঁটে চলা। বাঙালির সুখের দিন। থেলো হুঁকো আর আফিমের মোজ। সন্ধ্যা বেলায় মৈথিলি গান। ভোর বেলায় ট্রামের ঘন্টি। এতক্ষন শুধু আমাদের কথা লিখেছি। তাদের কথাও লিখতে হবে। তারা স্রষ্টা। কোলকাতা তার সৃষ্টি। জয় করে নয়। পয়সা দিয়ে কেনা। জব চার্ণক না হয় নয়। এ শহরের স্থপতি তাঁরাই। তাদের কথা না লিখলে বাঙালির সম্মান নষ্ট হবে। হ্যাঁ আমি ব্রিটিশ রাজের কথা বলছি।
:১১:
তারা নাকি বণিক। না এ কথা সত্যি নয়। এটা আমি বলছি। বলছি প্রাচুর্য দেখে। সৃষ্টিতে কোনো খাদ নেই। কোলকাতার এই রূপ তাদের দেওয়া। যেখানে শ্বাপদ ঘুরতো সেখানে শহর। টিকি বাধা ট্রাম আর ফিটনের দৌড় তারাই এনেছে। তাদের স্থাপত্ব আমাদের সম্পদ। তাদের রেলপথ হুগলীর পাড় থেকে ফলতা পর্যন্ত যেতো। ওখানে জগদীশ বসুর বাড়ি আজও স্বাক্ষী হয়ে আছে। তাঁদের সাহস ছিল। আড়ম্বর ছিলো কম। তাদের বাদ দিলে এ লেখা অসম্পূর্ণ থেকে যাবে।
:১২:
পূর্বের আরো কিছু বলে শেষ করবো। তারা ছিলো বিদ্বান, সাহসী এবং কুশলী। তাদের দেশে সূর্য অস্ত যেত না। তারা দেশ জয় করতো। নতুন দেশ তৈরী করত। তারা অকুতোভয়। কোলকাতা ছিলো তাদের সৃষ্টি। টাউন প্ল্যানিং এর তারাই স্রষ্টা এদেশে। তাদের দেশের কৃতী মানুষের মূর্তি গুলোই কোলকাতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। টাউন হল ছিল আড্ডার হল। সেখানে একটা লাইব্রেরী ছিলো। পড়াশুনো তাদের মেরুদন্ড। মন ছিল অদম্য সাহসী। আর চোখ ছিলো দুরদর্শী। কখনো নেকড়ের মতন তীক্ষ্ণ কখনো দার্শনিকদের মতো শান্ত। তারা শাসন করেছেন। সৃষ্টি করেছেন। অত্যাচার করেছেন। কুসংস্কারাচ্ছন্ন সমাজে রেনেসাঁ এনেছেন। ভারতীয় সভ্যতাকে ঘৃণা করেছেন। আবার শ্রদ্ধাও করেছেন এই প্রাচীন সভ্যতাকে। লিখতে গেলে সবকিছুই লিখতে হয়। স্বাধীনতা কি? কেন আমি পরাধীন সেটাও শেখা তাদের শিক্ষা থেকেই। তাদের শিক্ষাই একদিন সমৃদ্ধ করেছে আমার জাতিকে। তা না হলে আমরা আজ কোথায় থাকতাম জানি না। হয়তো কোনো এক জটাধারী সাধু পাহাড়ের কোলে অথবা গভীর জঙ্গলে বসে মানুষের খুলিতে ঢেলে সুরা পান করতেন আর আমরা আফিম আচ্ছন্নের মতন সভ্যতার বিষয়ে অজ্ঞ থেকে এই পৃথিবীতে উচ্ছিষ্ট হয়ে থাকতাম।
-------------------------------০--------------------------------